কল্যাণী বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান পঙ্কজ সিংকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। জনরোষের শিকার হয়েছেন বলে দাবি করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে পঙ্কজ সিংকে। অবশেষে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রধানকে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে নদিয়ার কল্যাণী লেক পার্ক এলাকায়।
এদিন লেক পার্ক এলাকায় পঙ্কজকে নিজের ফ্ল্যাট থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পঙ্কজকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, পঙ্কজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ। অবশেষে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে।