জমি জালিয়াতি কাণ্ডের তদন্তে আদালতের স্ক্যানারে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। সেই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। সোমবার মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিকে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন সুমিত রায়।
সুমিত রায়ের আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায় সোমবার এই বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেন। আগাম জামিনের মামলা করার অনুমতি চান সুমিত রায়ের আইনজীবী। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সুমিতের খোঁজে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। জানা গিয়েছে, অভিষেকের বাড়িতে শেষ বার সুমিতের মোবাইলের টাওয়ারের লোকেশন মিলেছিল। সেই সূত্র ধরেই শালবনি থানার পুলিশ সেখানে তদন্ত চালায়। কিন্তু সেখানে সুমিতকে পাওয়া যায়নি।
অভিষেকের বাড়ির পাশাপাশি সুমিতের শ্বশুরবাড়িতেও তাঁর তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও তাঁর কোনও খোঁজ মেলেনি। তদন্তকারীরা এখনও পর্যন্ত সুমিতের কোনও খোঁজ পাননি। এই অবস্থায় পুলিশ অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায়। সেই আবেদনের পরে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।
উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে জমি দুর্নীতি, টাকার বিনিময়ে টাকা পাইয়ে দেওয়া ও আর্থিক প্রতারণার মতো অভিযোগ রয়েছে। মূলত তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত শালবনি থানার পুলিশ অভিষেকের আপ্তসহায়কের খোঁজ চালাচ্ছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।