আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ, গ্রেপ্তার স্বামী

এবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিল এনআইএ। মঙ্গলবার দুপুরে এনআইএ’র দল আরামবাগের প্রাক্তন সাংসদের বাড়িতে হাজির হয়। সেখানে তাঁর স্বামী সাকির আলিকে রামনবমীর মিছিলে হিংসার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু শাকির আলির কথায় অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের রামনবমীতে অশান্তি মামলার তদন্তে নেমে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল কাউন্সিলর।

এদিকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষড়ার বাড়িতে পৌঁছয় এনআইএ-র টিম। রিষড়ার ওই বাড়িতে থাকেন অপরূপা পোদ্দারের কাউন্সিলর স্বামী শাকির আলি। তিনিই ছিলেন এনআইএ-র মূল টার্গেট বলে সূত্রের খবর। বাড়ি ঘিরে রাখেন জওয়ানরা। ভিতরে ঢুকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করেন এনআইএ-র তদন্তকারীরা। রামনবমীতে গণ্ডগোল করে দাঙ্গা লাগানোর ছক ছিল শাকির আলির বলে অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে গ্রেপ্তার করা হলো শাকির আলিকে।

অন্যদিকে ২০২৩ সালে রিষড়া-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল। তার জেরে মামলা হতে এনআইএ’র হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলির যোগ আছে বলে অভিযোগ তোলা হয়েছিল। অপরূপা পোদ্দার সেই অভিযোগ ফুৎকারে অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছিলেন। এখন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং সব ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর তাতেই এবার শাকির আলি এনআইএ’র জালে ধরা পড়লেন।


তাছাড়া এই গ্রেপ্তারের ঘটনায় স্বভাবতই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর গুঞ্জন। অনেকেই বলছেন ২০২৩ সালে অভিযোগ করা সত্ত্বেও কোনও অ্যাকশন নেওয়া হয়নি। এখন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে আবার তদন্ত শুরু হয়েছে। এবার নিশ্চয়ই ঘটনার সত্যতা সামনে আসবে। এদিনই শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের ঘনিষ্ঠ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দাপুটে সুদর্শন বরকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। আর অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলিকে বুধবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই হাইপ্রোফাইল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলার রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে।