দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে সামনে রেখে প্রস্তুত বাংলার সাতটি জেলা। বুধবার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে, যার বেশিরভাগ কেন্দ্রই স্পর্শকাতর এবং হাইভোল্টেজ হিসেবে চিহ্নিত। ভোটকে ঘিরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী।
ভোটারদের সুবিধার্থে মঙ্গলবার বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সিআরপিএফ-এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি এবং রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর এই নম্বরগুলি প্রকাশ করেন। ভোটের দিন কোনও ধরনের সমস্যা, ভয়ভীতি বা অনিয়মের অভিযোগ জানাতে সাধারণ মানুষ এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন। দু’টি মোবাইল নম্বর—৮৪২০২৭২১০১ ও ৮৪২০২৭২৩৪৩—এবং একটি ল্যান্ডলাইন নম্বর—০৩৩-২৩৬৭১১১৭—দেওয়া হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট ১৫২টি আসনে মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের কড়াকড়ি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতিতে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে দ্বিতীয় দফার ভোট প্রশাসনের কাছে আরও বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।
নিরাপত্তা খতিয়ে দেখতে সম্প্রতি আলিপুরের ‘ধনধান্য’ অডিটোরিয়ামে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনী আধিকারিক, পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভুয়ো ভোটারদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া সম্ভাব্য অশান্তি ঠেকাতে আগাম ব্যবস্থা হিসেবে গত ৩৬ ঘণ্টায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।