প্রথম দফার ভোটে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে বলেই দাবি প্রশাসনের। এই প্রেক্ষাপটে বীরভূমের ‘কেষ্টগড়’ও এদিন ছিল ব্যতিক্রমহীনভাবে শান্ত। বহুদিন পর সেখানে ভোটের দিনে উত্তেজনার বদলে দেখা গেল স্বাভাবিক চিত্র।
বৃহস্পতিবার বেলা বাড়তেই নিজের মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিতে বেরোন অনুব্রত মণ্ডল। বোলপুরের ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বুথে ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, ‘খুব ভালো লাগছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা চেয়েছিলেন, তেমনই পরিবেশে ভোট চলছে।‘
একসময় বীরভূম মানেই ছিল উত্তপ্ত ভোটের চিত্র, যেখানে অনুব্রত মণ্ডলের দাপট ছিল চোখে পড়ার মতো। ‘চড়াম-চড়াম’ মন্তব্য কিংবা ‘গুড়-বাতাসা’ বিলির মতো ঘটনাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এবার সেই ছবি একেবারেই বদলে গিয়েছে। কোথাও বড় ধরনের অশান্তির খবর নেই, নেই পুরনো দিনের সেই উত্তেজনাও।
ভোটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত যথেষ্ট আত্মবিশ্বাসী সুরে বলেন, রাজ্যে ২৩০টিরও বেশি আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস এবং বীরভূমের সব আসনই তাদের দখলে থাকবে। তাঁর কথায়, ‘মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছেন।‘
সবচেয়ে লক্ষণীয় বিষয়, একসময় যাঁর বক্তব্য ও আচরণে রাজনৈতিক উত্তাপ তৈরি হতো, সেই অনুব্রত এদিন ছিলেন সম্পূর্ণ শান্ত ও সংযত। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হাসিমুখে, কোনও রকম উত্তেজনা বা কড়া প্রতিক্রিয়া ছাড়াই। এরপর অনুগামীর বাইকে চেপে বাড়ি ফিরে যান তিনি।
সব মিলিয়ে, বীরভূমে এবারের ভোটে বদলে যাওয়া রাজনৈতিক পরিবেশ এবং অনুব্রত মণ্ডলের ‘শান্ত’ উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।