অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান শুরু, উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিল পুর কমিশনার

অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান শুরু হল বুধবার থেকে। এদিন কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক আবেদনকারীর হাতে আর্থিক সহায়তার শংসাপত্র তুলে দেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার সমাজকল্যাণ বিভাগের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ও। তিনি তৃণমূলের দীর্ঘদিনের নেত্রীও বটে। এদিন তিনি বলেন, ‘এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছি না। মানুষের কল্যাণে যে কোনও প্রকল্পকেই স্বাগত জানাই।’
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে উপযুক্ত আবেদনকারীদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে চালানো হবে। এদিনের অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবং সমাজের প্রান্তিক অংশের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।