বাড়ি দখল-তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা, ছোঁড়া হল ডিম

Photo-SNS

পুলিশের জালে হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম শ‍্যামল মিত্র। শনিবার সকালে শ‍্যামলকে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হবে। জোর করে বাড়ি দখল, তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

শ‍্যামল মিত্র হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তিনি মেয়র পারিষদও হয়েছিলেন। শ্যামল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এছাড়া, মোহনবাগান ক্লাবের পদেও তিনি বেশ কয়েক বছর ছিলেন। পালাবদলের পরে জনরোষের মুখে তাঁকে পড়তে হয়েছিল। গত জুন মাসে তাঁকে রাস্তায় ফেলে মারধরও করা হয়েছিল।

শ‍্যামলের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোরপূর্বক বাড়ি দখল করতেন। প্রোমোটার, ঠিকাদারদের কাছ থেকে তোলা নিয়েছেন। এছাড়াও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে একটি হিংসার মামলায় তাঁর বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এফআইআর দায়ের হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ তাঁকে কেন গ্রেপ্তার করছে না, তা নিয়ে এলাকার মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন।


পুলিশ সূত্রের খবর, শ‍্যামলের মোবাইল নম্বর ট্র্যাক করে নিউ টাউনের একটি ঠিকানা পাওয়া যায়। এর পরেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা শনিবার সকালে নিউ টাউনের অ‍্যাকশন থ্রি-৬৫৬ নম্বর প্লটের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে। ওই ফ্ল‍্যাটে সেই সময় গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই ফ্ল‍্যাটটি কার তা এখনও স্পষ্ট নয়। তাঁকে এরপরে শিবপুর থানায় আনা হয়।

আরও পড়ুন: বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, স্বস্তি গ্রাহকদের, কী জানাল কেন্দ্র?

শিবপুর থানা থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়েন শ‍্যামল মিত্র। তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এমনকী, ভিড়ের মধ্যে থেকে কেউ ঢুকে পড়েও তৃণমূল নেতাকে চড়-থাপ্পড় মারে। তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়। তাঁকে শনিবার হাওড়া আদালতে হাজির করানো হবে বলে জানানো হয়েছে।