বাদুড়িয়ায় ৩৩ জন জীবিতকে মৃত দেখানোর অভিযোগ, তির বিজেপির দিকে

প্রতীকী চিত্র

শনিবার বাদুড়িয়ায় জীবিত ভোটারদের মৃত দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ, ৩৩ জন জীবিত ভোটারকে ফর্ম ৭ পূরণ করে মৃত হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে ভোটাররা বিডিও অফিসে বিক্ষোভও দেখান। ঘটনা নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর।

চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথ ও যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের ঘটনা। ৩৩ জন ভোটারকে ফর্ম ৭ ব্যবহার করে মৃত দেখানোর অভিযোগ উঠেছে। যদিও তাঁরা সবাই জীবিত বলেই খবর। ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে বলে দাবি বিক্ষোভকারীদের। কোনও নোটিস বা যাচাই ছাড়াই তাঁদের নামের পাশে মৃত বলে উল্লেখ জানিয়েছেন বিক্ষোভকারী ভোটাররা। তাঁদের দাবি, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় তৃণমূল নেতা মেহেবুর আলম জানিয়েছেন, ‘সামনেই ভোট, এসআইআর প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি চক্রান্ত করে জীবিত ভোটারদের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। ৩৩ জনের শুনানির পর সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতির মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।‘


বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল এসআইআর প্রক্রিয়া বানচাল করতে এ সব করছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, ‘কয়েকজন ভোটার তাঁর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।‘ এদিকে ঘটনায় নির্বাচনী আধিকারিকদের হেনস্থা এবং কী ঘটেছে তা জানতে চেয়ে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের সিইও দপ্তর।

গাইঘাটার ধরমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি ১৪৮ নম্বর বুথেও একই অভিযোগ উঠেছে। একই বুথের ৬ জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিএলওদের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি ভোটাররা জানতে পেরেছেন বলে দাবি তাঁদের।