উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। সেই সঙ্গে ঘনঘন বজ্রপাতও হয়েছে। তবে আর্দ্রতা বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত। এদিকে দক্ষিণবঙ্গে যখন এরকম পরিস্থিতি, তখন ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। শনিবার উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

অন্যদিকে, শনিবার কলকাতার সাধারণত আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়ার দেখা মিলছে। রোদের দাপটও বজায় রয়েছে। তবে হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার শহরের কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিন কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দু-এক জায়গায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।