উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে উলটপুরাণ চিত্র আবহাওয়ার

দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। এদিকে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল উত্তরবঙ্গে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভারী বৃষ্টিতে সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। মিরিকে দ্রুত ধস সরিয়ে রাস্তা চালু করল প্রশাসন। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সতর্কতা রয়েছে। এই ছটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


রবিবার কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে, উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের থেকে একেবারেই আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে। সকাল থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচটি জেলা বাদ দিয়ে বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।