ভোটের দিন সকালেই দায়িত্বপ্রাপ্ত এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। সকাল পৌনে আটটা নাগাদ তাঁর কনভয় শিরাকোল পেরিয়ে ডায়মন্ড হারবার স্টেশনের কাছে সিআরপিএফের অস্থায়ী ক্যাম্পে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং-সহ অন্যান্য আধিকারিকরা। প্রায় আধঘণ্টা ধরে দু’জনের মধ্যে আলোচনা চলে, যদিও সেই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি। ভোটের দিনে জ্ঞানেন্দ্র এবং অজয়পালের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কৌতূহল নানা মহলে।
সোমবার থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অজয়পাল। নির্বাচন কমিশনের তরফে তাঁকে ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে একটি ভাইরাল ভিডিও ঘিরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ভিডিওতে দেখা যায় তিনি কয়েকজনকে উদ্দেশ করে কড়া ভাষায় সতর্কবার্তা দিচ্ছেন। দাবি করা হচ্ছে, ঘটনাটি ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছাকাছি এবং তাঁর পরিবারের সদস্যদের সেই বার্তা দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফে আপত্তি জানানো হয়েছে।
মঙ্গলবারও উত্তেজনা ছড়ায় যখন অজয়পালের কনভয় তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গির খানের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগানে পরিস্থিতি সরব হয়ে ওঠে। তবে অজয়পাল তাঁর কর্মসূচি থেকে সরে আসেননি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি দিনভর এলাকা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখেন।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। মামলাকারীর দাবি, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ জরুরি। অভিযোগে বলা হয়েছে, অজয়পাল তাঁর নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে কাজ করছেন, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।