কল্যাণীকে ‘নির্মল শহর’ করার বার্তা অগ্নিমিত্রার

Image: SNS

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ২০২৬’ এবং ‘নমো সেবা গাথা’ কর্মসূচির সূচনা হল। অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)পরিচ্ছন্নতা, রাস্তা সংস্কার, বেআইনি নির্মাণ বন্ধ এবং নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্যে শহরের দৈনন্দিন পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পুর পরিষেবায় নজরদারি বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্বচ্ছতা অভিযানের সূচনা করে মন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা কোনও একদিনের অনুষ্ঠান বা ছবি তোলার বিষয় হতে পারে না। তা মানুষের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার অংশ হওয়া প্রয়োজন। বাড়ি, রাস্তা, বাজার এবং পরিবেশ— সব জায়গাতেই নিয়ম মেনে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: জ্ঞানেশের পর এবার সীমা খন্না, দিল্লির থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর মহুয়ার


অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অনুপম বিশ্বাস, সমাজসেবী বিধান কর এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল-সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এদিন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী মহালয়ার আগেই, আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সব রাস্তা চলাচলের উপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর দাবি, নগরোন্নয়ন দপ্তরের আওতায় তিন হাজার আটশোর বেশি রাস্তার সংস্কারের কাজ চলছে।

পুরসভাগুলিকে প্রায় এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং আরও অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে।শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামোগত সমস্যা দ্রুত জানাতে ‘স্বচ্ছ অ্যাপ’-এর ব্যবহার বাড়ানোর কথাও বলেছেন তিনি। বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, অনুমোদিত নকশা ছাড়া বা বিপজ্জনক ভাবে নির্মাণ করলে মালিক বা প্রোমোটারকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

কল্যাণীতে অবৈধ পার্কিং বন্ধ, বাজার পরিষ্কার ও সৌন্দর্যায়ন এবং নাগরিক পরিষেবা উন্নয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

দেখুন: সিউড়ির তৃণমূল অফিসে ঢুকে ভাঙচুর, অনুব্রতকে ঘিরে হুমকি, গ্রেফতার ৩