নারী ও শিশুকল্যাণ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেই বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দপ্তরে প্রথম দিনেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার মহিলাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষাই হবে তাঁর প্রধান লক্ষ্য। মহিলারা যাতে মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দপ্তরের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘বাংলার মহিলারা আর ভয় নিয়ে বাঁচবেন না। তাঁরা মাথা উঁচু করে নির্ভয়ে জীবন কাটাবেন। নারী সুরক্ষা এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, হেনস্থা এবং শিশুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন নতুন মন্ত্রী। তাঁর কথায়, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সমাজের মানসিকতার পরিবর্তনও অত্যন্ত জরুরি।
অগ্নিমিত্রা পালের দাবি, নারী ও শিশুকল্যাণ দপ্তরকে আরও সক্রিয় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলার স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত নজরদারি বাড়ানো হবে। মহিলাদের জন্য বিভিন্ন সহায়ক প্রকল্প এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অগ্নিমিত্রা পালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক চলছে, তার মধ্যেই তাঁর এই বার্তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দপ্তরে যোগ দেওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে শুভেচ্ছাও জানান। নতুন দায়িত্বে তিনি কতটা দ্রুত কাজ শুরু করেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের।