রাজ্যে পালাবদলের পরে একের পর এক এনকাউন্টারের মতো ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। বারুইপুর থেকে শুরু করে গাইঘাট ও সবশেষে সামশেরগঞ্জে এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছে। এবার তাতে জুড়ল রায়গঞ্জ। নাবালিকাকে ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত দিলীপ রায়ের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টে নাগাদ রায়গঞ্জের বিহার সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দিলীপের মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নাবালিকা পরিবারের দাবি, গত মঙ্গলবার বিকেলে নাবালিকা সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে তার কোনও খোঁজ মিলছিল না। পরিবারের লোকেরা রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিকের জঙ্গল থেকে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতের পোশাক দেখে পরিবারের লোকেরা তাকে শনাক্ত করে।
দিলীপ রায়ের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত রয়েছে দিলীপ। কিন্তু দিলীপ পলাতক থাকায় পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। তদন্তকারীদের সন্দেহ ছিল, পুলিশের হাত থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন দিলীপ।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দিলীপ গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছে গোপন সূত্রে খবর আসে। খবর পেয়ে রায়গঞ্জ থানার অন্তর্গত বাংলা-বিহার সীমানার ওই এলাকায় রবিবার রাতে তল্লাশি শুরু হয়। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশকর্মীদের দেখতে পেয়েই অভিযুক্ত গুলি চালান। পুলিশের গাড়ির টায়ার-সহ একাধিক জায়গায় গুলি লাগে।
পুলিশ সূত্রের খবর, পাল্টা পুলিশের গুলিতে দিলীপ গুরুতর জখম হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে বারুইপুরে প্রথম এনকাউন্টার হয়। সেখানে ১২ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত হন। এরপর গত অক্টোবরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রহ্লাদ দাস এনকাউন্টারে নিহত হন।
এরপর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সামাউল হকের মৃত্যু হয় পুলিশের গুলিতে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় সামাউলের। আর এবার রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দিলীপ রায়ের। এ নিয়ে গত ছ’মাসে রাজ্যে এনকাউন্টারে মোট ৪ জনের মৃত্যু হল।