নিট কাণ্ডে কুলকার্নির পর পুণের আরও এক শিক্ষক সিবিআইয়ের জালে

নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। জীবনবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের অভিযোগে পুণের বাসিন্দা উদ্ভিদবিদ্যার শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। পরে দীর্ঘক্ষণ জেরা করার পর দিল্লি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিবিআই সূত্রে খবর, মনীষা এনটিএ-তে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন এবং নিট ইউজি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তদন্তে জানা গিয়েছে, এপ্রিলে পুণের আর এক ধৃত শিক্ষকের মাধ্যমে তিনি কয়েক জন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন। পরে নিজের বাড়িতেই গোপনে কোচিং ক্লাস চালাতেন বলে অভিযোগ।

তদন্তকারীদের দাবি, সেই কোচিং ক্লাসেই পরীক্ষার্থীদের উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হত। ছাত্রছাত্রীদের সেই প্রশ্নগুলি নিজেদের নোটবুকে লিখে রাখতে বলা হয়েছিল। সিবিআইয়ের বক্তব্য, ওই প্রশ্নগুলির বেশিরভাগই ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।


গত ২৪ ঘণ্টায় এই মামলার তদন্তে দেশজুড়ে ছয়টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। বিভিন্ন আপত্তিকর নথি, ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা সেগুলি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত এই মামলায় মোট ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে ও আহলিয়ানগরের বাসিন্দারা রয়েছেন।

সিবিআই জানিয়েছে, রসায়ন ও জীববিজ্ঞানের প্রশ্নফাঁসের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। তদন্তে উঠে এসেছে, কিছু দালাল কোচিং সেন্টারের পরীক্ষার্থীদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আগাম প্রশ্নপত্র সরবরাহ করত। এর আগে মহারাষ্ট্রের লাতুরের অধ্যাপক পিভি কুলকার্নিকে  এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, তাঁর সঙ্গেও মনীষার যোগাযোগ ছিল।