সিদ্ধান্ত বদল হতেই দুর্গাপুরে মাছ-মাংসের ঝাঁপ খুলল ছটে

Photo: দুর্গাপুরে মাছ-মাংসের ঝাঁপ খুলল ছটে (AI)

বিজেপির তরফে ছটপুজোয় মাছ-মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বিজেপির বিরুদ্ধে ঠিক এমনটাই অভিযোগ উঠেছিল। সিপিএমের তরফে বিজেপির এই নির্দেশের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। তবে সেই নির্দেশ কয়েক ঘণ্টার মধ্যেই বদল হল। রবিবার দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় মাছ-মাংসের সব দোকান খোলা রয়েছে।

এর আগে পুরসভা নোটিশ দিয়েছিল বীরভূমের রামপুরহাটে ছটপুজোয় মাংসের দোকান বন্ধ রাখতে হবে। তিনটি দোকানে এমনই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়েছিল, রবি ও সোমবার ছটপুজো উপলক্ষে মাংসের দোকান বন্ধ রাখতে হবে। দু’দিন ছাড়া অন্যান্য দিন দোকানে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়েছিল।

পুরসভার এই নোটিশ প্রকাশ্যে আসতেই দুর্গাপুরে শোরগোল শুরু হয়ে যায়। দুর্গাপুরের স্টেশন সংলগ্ন বাজার এলাকাতেও মাছ-মাংস বিক্রি বন্ধের ফতোয়া জারি হয়েছিল। বিজেপির বিরুদ্ধে এই ফতোয়া জারির অভিযোগ উঠেছিল। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরেই সিপিএমও বিক্ষোভে নামে।


সিপিএমের নেতা-কর্মীরা কোকওভেন থানায় স্মারকলিপি জমা দিয়ে প্রতিবাদে নামেন। স্থানীয়রাও এই ফতোয়া নিয়ে ক্ষোভ দেখিয়েছিল। সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু বলেন, ‘বিজেপি ফতোয়া জারি করেছিল বলেই বেশ কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরাই তাঁদের কাছে এই অভিযোগ জানিয়েছিলেন। সেই কারণেই তাঁরা প্রতিবাদে নামেন এবং থানায় স্মারকলিপি জমা দেন। তাঁদের প্রতিবাদের ফলেই রবিবার সকাল থেকে সমস্ত মাছ-মাংসের দোকান খুলেছে।’

আরও পড়ুন: মতামত জানানোর সময়সীমা বাড়ল সপ্তম বেতন কমিশনে, শেষ তারিখ কবে?

বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, ‘দলের পক্ষ থেকে মাছের বাজার বন্ধ রাখার কোনও নির্দেশ দেওয়া হয়নি। এমনকী কোনও দোকান বন্ধও করা হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যেই সিপিএম মিথ্যা প্রচার চালাচ্ছে।’