গয়েরকাটা চা-বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, আতঙ্কের অবসান

Image: ANI

জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান থেকে অবশেষে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বৃহস্পতিবার ভোরে বাগানের ১০ নম্বর সেকশনের পাম্পহাউস সংলগ্ন এলাকায় বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে বাঘটি। খবর ছড়াতেই মানুষের ভিড় জমে  ঘটনাস্থলে।

গত কয়েক দিন ধরেই গয়েরকাটা চা-বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনার খবর মিলছিল। একাধিক গৃহপালিত পশু নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে আসে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন চা-বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড এলাকায় নজরদারি বাড়ায়। চিতাবাঘটিকে ধরতে একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা পাতা হয়েছিল।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরেই সেই খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটিটি। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ধৃত চিতাবাঘটির শারীরিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হবে। সব কিছু স্বাভাবিক থাকলে তাকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে।


চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গয়েরকাটা চা-বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তবে বন দপ্তরের তরফে সকলকে সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলের ধারে অপ্রয়োজনে ভিড় না করারও পরামর্শ দেওয়া হয়েছে।