ক্যানসারকে হারিয়ে উচ্চ মাধ্যমিকে দশম অদ্রিজা

জীবনের কঠিন লড়াই জিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সাফল্যের নজির গড়লেন অদ্রিজা গণ। ছোটবেলায় ক্যানসারের সঙ্গে দীর্ঘ চার বছরের যুদ্ধের পর এ বার তিনি রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭।

উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা অদ্রিজা। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অদ্রিজার শরীরে ধরা পড়ে টি-সেল লিম্ফোমা। তারপর শুরু হয় কঠিন চিকিৎসা। টানা ৮২টি কেমোথেরাপির ধাক্কা সামলেও পড়াশোনা ছাড়েননি তিনি। সেই মেয়েই উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম তুললেন প্রথম দশে। প্রথম পর্বের পরীক্ষাতেও মেধাতালিকায় নাম ছিল অদ্রিজার। তৃতীয় সেমেস্টারে ছিলেন নবম। এ বার উচ্চ মাধ্যমিকে দশম স্থান পেয়েছেন তিনি।

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অদ্রিজা কলা বিভাগে পড়াশোনা করেছেন। ভূগোল, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মনোবিদ্যা ছিল তাঁর পছন্দের বিষয়। ভবিষ্যতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চান তিনি। বেথুন কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর।

অদ্রিজার কথায়, শারীরিক লড়াইয়ের থেকেও মানসিক লড়াই অনেক কঠিন। তাই ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান তিনি। এই যাত্রায় পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।


অদ্রিজার বাবা জয়মঙ্গল গণ  টাকি হাউস গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস বয়েজ় স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। মা জ্যোতি গণ বেলঘরিয়া বয়েজ স্কুলের শিক্ষিকা। তাঁদের কথায়, ২০২১ সালে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরও প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মুম্বাই নিয়ে যেতে হয় অদ্রিজাকে। অদ্রিজার এই সাফল্যে পরিবার, প্রতিবেশীদের পাশপাশি উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।