আটক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী

Photo: File Photo

রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী  অদিতি মুন্সির স্বামী দেবরাজকে মঙ্গলবার গভীর রাতে আটক করা হয়েছে বলে বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে নাকি শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

সূত্রের খবর, বুধবার সকাল পর্যন্ত দেবরাজকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। তবে তাঁকে কোন সংস্থা আটক করেছে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ দাবি করছেন ইডি, আবার কেউ বলছেন সিআইডি তাঁকে হেফাজতে নিয়েছে। এমনও শোনা যাচ্ছে, ভবানীভবনে নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হচ্ছে। যদিও এই সমস্ত দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও মেলেনি।

রাজনৈতিক মহলে দেবরাজ চক্রবর্তীকে তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে তোলাবাজি, দুর্নীতি এবং বিরোধীদের উপর হামলার মতো একাধিক অভিযোগে তাঁর নাম উঠে এসেছে। বিধানসভা নির্বাচনের সময়ও তাঁকে ঘিরে সরব হয়েছিল বিজেপি।


এদিন বিজেপি বিধায়ক  তরুণজ্যোতি তিওয়ারি সমাজমাধ্যমে ‘পাপ বিদায়’ মন্তব্য করে একটি পোস্ট করেন। এরপর থেকেই দেবরাজের নাম ঘিরে জল্পনা আরও তীব্র হয়। পাশাপাশি বিজেপির একাধিক নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তাঁর গ্রেপ্তারি নিয়ে।

রাজ্যে নতুন সরকারের প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়েই সরকার এগোচ্ছে বলেও মত রাজনৈতিক মহলের একাংশের।