অধীর চৌধুরীর এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৮ এপ্রিল — বুধবার নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়েই রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বুধবার কান্দিতে নির্বাচনী প্রচার সেরে বহরমপুরে ফিরছিলেন অধীররঞ্জন চৌধুরী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাঁর এসকর্ট গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িতে উপস্থিত ছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। দুর্ঘটনায় কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় সম্পূর্ণ নিরাপদ রয়েছেন অধীররঞ্জন চৌধুরী। বড়সড় বিপদ এড়ানো গেলেও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনের মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেছে দল।


অন্যদিকে, বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি প্রশাসনের আধিকারিকরা। তবে সূত্রের খবর, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্ব চলাকালীন প্রার্থীদের নিরাপত্তা নিয়ে যাতে কোনও রকম গাফিলতি না থাকে, সেই বিষয়েই জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।