সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত প্রথম ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার আওতায় বিবেচনাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি করা হয়েছে। এই নামগুলিই প্রথম অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, বাকি নামগুলির তালিকা পর্যায়ক্রমে প্রতি শুক্রবার প্রকাশ করা হবে। আগামী ৬ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই বিবেচনাধীন সমস্ত নামের সমাধান করা হবে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ফলে ভোটারদের নাম যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করার উপর জোর দিচ্ছে কমিশন।
ভোটাররা খুব সহজেই অনলাইন ও অফলাইন—দুইভাবেই নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। অনলাইনে দেখার জন্য সোমবার সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট voters.eci.gov.in দেখতে হবে। সেখানে ‘এসআইআর সাপ্লিমেন্টারি’ নামে একটি নতুন অপশন থাকবে। এই অপশনে গিয়ে নিজের এপিক নম্বর দিলেই জানা যাবে তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়াও ইসিআই নেট মোবাইল অ্যাপের মাধ্যমেও একইভাবে নাম যাচাই করা সম্ভব।
অন্যদিকে, অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। অতিরিক্ত তালিকা প্রকাশের পর তা সংশ্লিষ্ট বুথ, বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরে টাঙিয়ে দেওয়া হবে। সোমবারই এই তালিকা জেলা প্রশাসন এবং বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। ফলে স্থানীয় স্তরেই ভোটাররা গিয়ে সহজে নিজেদের নাম যাচাই করতে পারবেন।
এই তালিকায় দু’টি পৃথক কলাম থাকবে—একটি ‘অ্যাডিশন’ এবং অন্যটি ‘ডিলিশন’। অর্থাৎ নতুন সংযোজন ও নাম বাদ পড়ার তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কারও নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে তিনি নির্দিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি। এই ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তি করা হবে, যাতে কোনও যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।