রাজ্যে অতিরিক্ত ৪৬৬০টি বুথ তৈরি হচ্ছে, অনুমতি দিল নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটপরিকাঠামো আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে অতিরিক্ত ৪৬৬০টি ভোটকেন্দ্র তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১। নতুন বুথগুলি তৈরি হয়ে গেলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫,৩৭৯। পাশাপাশি, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে কিছু বুথের স্থান পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব বুথে ভোটারের সংখ্যা ১২০০-র বেশি, সেখানে চাপ কমাতে সহায়ক বুথ তৈরি করা হবে। এই কারণেই নতুন বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি, ৩২১টি বুথ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে ভোটারদের যাতায়াত সহজ হয়।

শুক্রবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নতুন বুথ তৈরি এবং স্থান পরিবর্তনের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত নিয়ম কঠোরভাবে মানতে হবে। বিশেষ করে ২০২০ সালের নির্দেশিকা অনুসরণ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও, যেসব বুথের ঠিকানা বদলানো হচ্ছে, সেই বুথের প্রতিটি ভোটারকে ব্যক্তিগতভাবে এই তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে।


কমিশন আরও নির্দেশ দিয়েছে, বুথ বৃদ্ধি বা স্থান পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে কোনও ভোটার অজ্ঞাত না থাকেন। পাশাপাশি, সমস্ত রাজনৈতিক দলকেও লিখিতভাবে এই পরিবর্তনের খবর জানাতে হবে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ হবে ৪ মে। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুথে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, সিসিটিভি নজরদারি এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও থাকছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জেলা সফর শুরু করেছেন, প্রস্তুতি খতিয়ে দেখতে।