তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার এসি-সোফা এবং কন্ডোমের প্যাকেট! অভিযোগ মধুচক্রের

তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে মেয়েদের মাথার চুল, একাধিক কন্ডোমের প্যাকেট এবং বিলাসবহুল সরঞ্জাম উদ্ধার। ঘটনাকে ঘিরে সোমবার রাতে নদিয়ার ফুলিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানার ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি তৃণমূলের দলীয় কার্যালয় ছিল। বাইরে থেকে টিনের ঘর বলে মনে হলেও ভিতরে ছিল এসি, একাধিক সোফা, রান্নার গ্যাস, ওভেন, হাঁড়ি-কড়াই সহ নানা ধরনের সামগ্রী। সম্প্রতি ওই কার্যালয় ভাঙচুরের সময়ই বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের।

বিজেপির অভিযোগ, দলীয় কার্যালয়ের আড়ালে সেখানে নিয়মিত মদের আসর বসত। পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলত গান-বাজনা এবং অসামাজিক কার্যকলাপ। তাঁদের দাবি, কার্যালয়ের ভিতরে মেয়েদের আনাগোনা ছিল নিয়মিত এবং সেখানে মধুচক্র পরিচালিত হত। ভাঙচুরের সময় ঘরের ভিতর থেকে মেয়েদের মাথার চুল ও একাধিক কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা।


যদিও এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি।এ ব্যাপারে রানাঘাট পুলিশ জেলার এসপি আশিস মৌর্য বলেন, ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় পার্টি অফিসে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।