কলকাতা পুরসভার কাছে অতিরিক্ত সময় চাইলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সংস্থার তরফে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে একটি চিঠি জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, পুরসভার চাওয়া সমস্ত সম্পত্তি সংক্রান্ত তথ্য ও নথি তারা জমা দিতে প্রস্তুত। তবে সেই তথ্য সংগ্রহ ও উপস্থাপনের জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময় চাওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাড়ির কোন অংশ অবৈধ, সেটা নির্দিষ্ট করে বলা হোক, তার পর উত্তর দেব।‘ তার পরদিনই তাঁর সংস্থার তরফে সময় চেয়ে আবেদন করা রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে।
সম্প্রতি কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংস্থার নামে থাকা একাধিক সম্পত্তিকে নোটিস পাঠায়। মূলত কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সম্পত্তিগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়েছে। পুরসভার দাবি, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রথমে দু’টি সম্পত্তির কথা সামনে এলেও পরে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, মোট ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামেও কিছু সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। বিল্ডিং বিভাগ সূত্রে খবর, নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি বা সংস্থা সময় চাইলে তা বিবেচনা করা হয়। আপাতত অভিষেকের সংস্থাকে সময় দেওয়ার পক্ষেই ঝুঁকছে পুরসভা। এদিকে শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে কলকাতা পুরসভা