আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যজুড়ে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে একের পর এক পদক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই ধারাবাহিক রণসংকল্প সভার মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কর্মসূচিরই গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করতে সরাসরি তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে রাজ্যজুড়ে থাকা বুথ লেভেল এজেন্টদের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তথা এসআইআর নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গা থেকে এসআইআর সংক্রান্ত অশান্তি ও উত্তেজনার অভিযোগ উঠে এসেছে। ভোটার তালিকা যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে বিরোধী শিবিরের পাশাপাশি তৃণমূলও অভিযোগ তুলেছে। এই অবস্থায় বুথ লেভেল এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে দলীয় দিকনির্দেশ করতে চাইছেন অভিষেক।
দলীয় সূত্রের খবর, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ইস্যু। এই অজুহাতে যাতে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে বুথ স্তরের কর্মীদের সতর্ক থাকতে বলা হবে। কোথায় কীভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, কোন কোন এলাকায় সমস্যা বেশি দেখা দিচ্ছে এবং কীভাবে সংগঠিতভাবে তা চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা যায়, সে সব বিষয়েই বিস্তারিত আলোচনা হতে পারে।
এই বার্তা শুধু বুথ লেভেল এজেন্টদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বৈঠকের মাধ্যমে মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশও দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোথাও কোনও অনিয়ম বা পক্ষপাতিত্ব ধরা পড়লে তা দ্রুত দলের উচ্চস্তরে জানাতে বলা হবে।
তৃণমূল নেতৃত্বের মতে, ভোটাধিকার রক্ষা করা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, গণতান্ত্রিক দায়িত্বও। সেই বার্তাই বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে দিতে চাইছে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে ঘিরে তাই সংগঠনের অন্দরমহলে বাড়তি তৎপরতা চোখে পড়ছে।