যাঁরা দল ছাড়ছেন তাঁরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পরাজয়ের জন্য দায়ী করে ঋতব্রত গোষ্ঠীতে গিয়ে ভিড়ছেন। এই আবহে বুধবার কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে একুশে জুলাই সভার করার। বিড়লা তারামণ্ডলের সামনে এবার একুশে জুলাইয়ের সভা হবে। কালীঘাট তৃণমূল এদিন কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছে। আর তারপরই সমাজমাধ্যমে নয়া পোস্টার এল। সেখানে দেখা যাচ্ছে, একুশে জুলাইয়ের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
সমাজমাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তাহলে কি সরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? কালীঘাট তৃণমূলের একুশে জুলাইয়ের পোস্টার থেকে অভিষেকের ছবি সরে যেতেই নানা গুঞ্জন শুরু হয়েছে। কারণ বেলেঘাটার বিধায়ক তথা উত্তর কলকাতা জেলা সভাপতি কুণাল ঘোষ নিজের সমাজমাধ্যমে একটি পোস্টার শেয়ার করেন। তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা যাচ্ছে। ওই পোস্টারে লেখা রয়েছে, ‘বিড়লা তারামণ্ডল চলুন’। বক্তা তালিকাতেও নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ছবি ছড়িয়ে পড়তেই জোর গুঞ্জন শুরু হয়েছে।
জয় বাংলা। @MamataOfficial মমতা ব্যানার্জি জিন্দাবাদ। @AITCofficial সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 21 জুলাই শহিদ তর্পণে যোগ দিন। pic.twitter.com/UtEVlRE6mN
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 15, 2026
তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে ডায়মন্ডহারবারের সাংসদকে দেখা যাবে না? উঠছে প্রশ্ন। কিন্তু তিনদিন আগে রবিবার তৃণমূলের পক্ষ থেকে একটি পোস্টার বের করা হয়। যেখানে লেখা ছিল কলকাতা চলো। সেই পোস্টারে মমতার পাশে অভিষেকের ছবি ছিল। এবারের পোস্টারে অভিষেকের ছবি উধাও। একুশে জুলাইয়ের প্রথম পোস্টার তৈরি হলেও জায়গা নির্ধারিত ছিল না। তাই শুধু লেখা ছিল, ‘কলকাতা চলো’। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিষেকের ছবি ছিল। এদিন কলকাতা হাইকোর্ট জায়গা নির্দিষ্ট করে দিতেই নতুন পোস্টার থেকে সরে গেল অভিষেকের ছবি। কলকাতা হাইকোর্ট কালীঘাট শিবিরকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই একুশে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি দিয়েছে।
তাছাড়া এদিনই ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বেশ কিছু কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকী বেইমানদের বাহানা নিয়েও সুর চড়িয়েছেন নেত্রী। এই পরিস্থিতিতে পোস্টারে অভিষেকের ছবি না থাকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। কিন্তু সভা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই। মনে রাখতে হবে, ২০২৫ সালেও একুশে জুলাইয়ের পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। কিন্তু তিনি মঞ্চে ছিলেন। আর ২০২৩ সালেও নেতাজি ইন্ডোরের সমাবেশের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিষেকের ছবি ছিল না।