নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা অভিষেকের

আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে সকাল ১১টায় তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের কিছু আগেই তিনি ইডি দপ্তরে পৌঁছে যান তিনি। তবে দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি।

অভিষেকের হাজিরাকে ঘিরে এ দিন সিজিও কমপ্লেক্সে অতিরিক্ত নিরাপত্তা বা বিশেষ নজরদারির ব্যবস্থা চোখে পড়েনি। অতীতে তাঁর হাজিরার সময় গোটা চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হত। সাংবাদিকদের প্রবেশেও বিধিনিষেদ আরোপ করা হত এবং যাতায়াত নিয়ন্ত্রণ করা হত। কিন্তু সোমবার সেই ধরনের কোনও তৎপরতা চোখে পড়েনি।

এর আগে রবিবার বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডির ডাকে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেখানে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছিল। তদন্তকারী সূত্রের দাবি, দু’জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান।


এদিকে, মঙ্গলবারও সিআইডি অভিষেককে ফের তলব করেছে। পাশাপাশি, সল্টলেকে দায়ের হওয়া একটি পৃথক অভিযোগের তদন্তে বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে। যদিও বিধানসবার সই জালিয়াতি মামলায় হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে। আগামী দু’সপ্তাহ কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার কথাও জানিয়েছে। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা বা সল্টলেকের অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁর জন্য কোনও আইনি সুরক্ষা নেই।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে ইডি। এর আগে সিবিআইয়ের হাতে আসা একটি অডিও রেকর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে বলে তদন্তকারী সংস্থার দাবি। চাকরি বিক্রির অর্থ তাঁর কাছে পৌঁছনোর প্রসঙ্গ ওই অডিওতে শোনা গিয়েছিল বলে অভিযোগ। সিবিআই তাদের চার্জশিটেও সেই তথ্যের উল্লেখ করে। একই সূত্র ধরে কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হয়েছিল।

তদন্তকারীদের মতে, ওই অডিও এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনর সূত্র ধরেই ইডি নতুন করে তথ্য সংগ্রহ করতে চাইছে। পাশাপাশি, অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর আর্থিক লেনদেনও তদন্তকারীদের নজরে রয়েছে। সেই বিষয়েও তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেও একই বিষয়ে অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।