চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের ১০ জনের নামই বিচারাধীন থাকায় আতঙ্কে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। জানা গিয়েছে মৃতের নাম আবদুল শেখ।সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লালগোলা-বহরমপুর রাজ্যসড়ক অবরোধ করে। এই ঘটনায় নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।অভিযোগ, এই তালিকায় বহু মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা আবদুল শেখ দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করতেন। তাঁর পরিবারে স্ত্রী, চার ছেলে ও পুত্রবধূ মিলিয়ে মোট ১০ জন সদস্য। এসআইআর প্রক্রিয়া শুরুর পর তাঁদের শুনানিতে ডাকা হয়েছিল। জানা গিয়েছে, আবদুল শেখের ভোটার কার্ডে নামের বানানে ত্রুটি ছিল। শুনানির সময় প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়।
পরিবারের দাবি, চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় পরিবারের ১০ জনের নামই বিচারাধীন অবস্থায় রয়েছে। এরপর কী হবে, তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ভুগছিলেন আবদুল বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে কিনা এই আশঙ্কা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা ৪২ বছরবয়সি সাধনা মজুমদারও চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শরীরের একদিক অবশ হয়ে গিয়েছে। উল্লেখ্য, তাঁর স্বামী অরিন্দম মজুমদার ক্যানসারে আক্রান্ত। ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।