বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে আপত্তি ছিল মায়ের। ওই সম্পর্ক যাতে আর না থাকে, তার জন্য নাকি রাজ্যের এক মন্ত্রীকে দিয়ে বান্ধবীর পরিবারকে হুমকি দেওয়ানো হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেন যুবক অনীশ রায়। ভিডিওতে নিজেকে রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার পুত্র বলে পরিচয় দিয়েছেন তিনি। আর তাঁর সরাসরি অভিযোগ রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে মন্ত্রী হাওড়া পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। যুবকের কঠোর শাস্তির দাবিও করেন। ওই যুবক আদৌ রাজ্যের নির্বাচন কমিশনারের ছেলে কিনা এখন সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এই যুবকের এমন অভিযোগের পর হাওড়া সিটি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। ভিডিওতে অনীশের দাবি, পড়াশোনার সূত্রে তাঁর বান্ধবীর বাড়িতে যাতায়াত ছিল। ওই তরুণীও পড়াশোনার জন্য তাঁদের বাড়িতে আসতেন। কিন্তু এই সম্পর্ক তাঁর আইএএস মা পছন্দ করতেন না। তাই সম্পর্ক ছিন্ন করতে তাঁর মা নিজের প্রশাসনিক প্রভাব খাটিয়ে হাওড়ার বিধায়ক মন্ত্রী উমেশ রাইকে বিষয়টি জানান বলে অভিযোগ যুবকের। মন্ত্রীর কয়েকজন লোক ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে হুমকি দেয় এমন দাবি করেন ভিডিওতে অনীশ। ওই বান্ধবী আর যাতে অনীশের সঙ্গে কোনও যোগাযোগ না রাখে তার জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ।
এমন ভিডিও সামনে আসতেই পুলিশের দ্বারস্থ হন প্রতিমন্ত্রী। আর এই বিষয়ে উমেশ রাই বলেন, ‘এক বন্ধুর কাছ থেকে আমি ওই ভিডিও পেয়েছি। ভিডিও দেখে আমি বিস্মিত। রাজ্যের নির্বাচন কমিশনারকেই আমি এখনও ঠিক করে চিনি না। সুতরাং এমন কোনও কাজ করার প্রশ্নই ওঠে না। ওই যুবক আদৌ নির্বাচন কমিশনারের ছেলে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। যুবকের কথাবার্তায় তাঁকে মানসিকভাবে সুস্থ বলে মনে হয় না।’ এই অভিযোগে অনীশের বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনার ও হাওড়া সিটি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন উমেশ রাই।
তাছাড়া ওই যুবক কোন উদ্দেশে এমন ধরনের ভিডিও পোস্ট করলেন সেটার তদন্ত চেয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি হাওড়ার পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশে ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এই ধরনের মন্তব্যের জন্য দ্রুত ওই যুবকের শাস্তির দাবি করেন মন্ত্রী।