রাজ্যে পালাবদলের পরে নিজেদের দেওয়া একের পর এক প্রতিশ্রুতি রাখতে শুরু করেছে বিজেপি সরকার। রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার রাজ্যে নতুন একটি প্রকল্প কার্যকর করতে চলেছে বিজেপি সরকার। কলকাতায় চালু হবে ওয়াটার মেট্রো। গঙ্গার উপর দিয়ে ছুটবে এই মেট্রো। ইতিমধ্যেই কলকাতায় ওয়াটার মেট্রোর প্রকল্প রিপোর্ট তৈরির জন্য অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থা(আইডব্লুএআই) ট্রেন্ডার ডেকেছে।
জানা গিয়েছে, শালিমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার ১৬টি জেটি ছুঁয়ে চলবে কলকাতার ওয়াটার মেট্রো। এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশন, শালিমার, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, আহিরীটোলা, শোভাবাজার, বাগবাজার, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শ্রীরামপুর-সহ আরও বেশ কিছু জায়গা। এর পাশাপাশি হুগলি নদীর তীরবর্তী আরও কিছু জায়গা যুক্ত হতে পারে।
পর্যটন, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, শিল্প-বাণিজ্য, জল পরিবহন, বন্দর জাহাজ ও অর্থ এই সাতটি মন্ত্রক একসঙ্গে কলকাতার ওয়াটার মেট্রো প্রকল্পের রূপরেখা তৈরি করেছে। এই প্রকল্পের ডিটেইল প্রজেক্ট রিপোর্ট দ্রুতই তৈরি হবে। জানা গিয়েছে, ওয়াটার মেট্রো অনেক বেশি আধুনিক ও আরামদায়ক হবে। ইলেকট্রিক চার্জ দেওয়া ব্যাটারি ব্যবহার করে শীততাপনিয়ন্ত্রিত এই মেট্রো গঙ্গার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটবে। তবে শুধু ব্যাটারি দিয়েই নয়, এর পাশাপাশি ডিজেল ব্যবহার করে হাইব্রিড পদ্ধতিতে ওয়াটার মেট্রো চালানো হবে।
ইতিমধ্যেই কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছে। কোচির পাশাপাশি গোয়া, কর্ণাটকের ম্যাঙ্গালোর ও মুম্বাইতে ওয়াটার মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ওয়াটার মেট্রো প্রকল্পে কলকাতাকে যুক্ত করার কথা ঘোষণা করেছিলেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতা দেশের মধ্যে ১৮ তম শহর হিসেবে এই প্রকল্পে যুক্ত হতে চলেছে। ভারতে ওয়াটার মেট্রো প্রকল্পের নোডাল মন্ত্রক হিসেবে কাজ করছে জাহাজ মন্ত্রক।
তবে শুধু কলকাতাই নয়, এর পাশাপাশি শ্রীনগর ও গুয়াহাটিতেও ওয়াটার মেট্রো চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। তবে কলকাতাতে এই প্রকল্প চালু হলে যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। কারণ বর্তমানে কলকাতায় দীর্ঘদিন ধরে ফেরি পরিষেবা চলছে। সেক্ষেত্রে রাজ্যে শীততাপনিয়ন্ত্রিত ওয়াটার মেট্রো চালু হলে যানজট ছাড়াই দ্রুত গতিতে এবং আরামে গন্তব্যে পৌঁছতে পারবেন।