আজ থেকে শুরু নবনির্বাচিত বিধায়কদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ

Photo: Representational Image

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য ৩ জুলাই,অর্থাৎ শুক্রবার থেকে কলকাতায় দু’দিনের বিশেষ প্রশিক্ষণ (ওরিয়েন্টেশন) কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ দেবেন।

দু’দিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কীভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট, কমিটির কাজ, বিধায়কদের অধিকার ও দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা (এনইভিএ) সম্পর্কে জানানো হবে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখবেন। তাঁদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়কেরা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখতে পারবেন।

৪ জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি বক্তব্য রাখবেন। এছাড়াও উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।


লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসিস এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাঁদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা।