ডিএইচআরের দার্জিলিং-ঘুম রুটে চালু হচ্ছে নতুন সান্ধ্যকালীন জয়রাইড

প্রতিনিধিত্বমূলক চিত্র

দার্জিলিং ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এল দার্জিলিং হিমালয় রেলওয়ে বা ডিএইচআর। পর্যটকদের ক্রমবর্ধমান ভিড় ও টিকিটের চাহিদা সামাল দিতে দার্জিলিং-ঘুম রুট দুটি নতুন সান্ধ্যকালীন জয়রাইড চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিদিন যাত্রীদের কথা ভেবে ১৫০টি আসন বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে ডিএইচআরের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, আগামী ২১ জুনের পর থেকেই নতুন ইভনিং জয়রাইড পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মকালে দিনের আলো বেশি সময় থাকায় এই সময় ট্রেন পরিচালনা সহজ হবে। নতুন পরিষেবা অনুযায়ী ট্রেন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দার্জিলিং থেকে রওনা দেবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে যাত্রা শেষ করবে। স্টিম ইঞ্জিন ও ডিজেল লোকোমোটিভ দুই ধরনের ট্রেনই এই রুটে চলবে।

কর্তৃপক্ষের মতে, জয়রাইডের জন্য পর্যটকদের আগ্রহ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বহু পর্যটক দুই মাস আগে থেকেই টিকিট বুক করছেন। তবুও অনেকেই টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। সেই কারণেই অতিরিক্ত পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু নতুন ট্রেনই নয়, পরিষেবার আসন সংখ্যাও বাড়ানো হয়েছে। গত ১ জুন থেকে পাঁচটি ডিজেলচালিত জয়রাইড ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।


ফলে আগে যেকানে প্রতিটি ট্রেনে তিনটি কোচ থাকত, এখন সেখানে চারটি কোচ চলাচল করছে। এর ফলে প্রতিদিন। প্রায় ১৫০ জন অতিরিক্ত যাত্রী ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ডিএইচআরের এই উদ্যোগে পর্যটকদের পাশাপাশি স্থানীয় পর্যটন শিল্পও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনে ভ্রমণের সুযোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।