ফেরিঘাটে ট্রলারের ধাক্কায় ডুবে গেল নৌকা

সকাল সকাল নামখানা ব্লকের নারায়ণপুর ফেরিঘাটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। আজ মঙ্গলবার সকাল ৯.১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল। একটি ফিশিং ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাটে থাকা তিনটি যাত্রীবাহী নৌকায় ধাক্কা মারে। প্রবল ধাক্কায় ভেঙে গিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ডুবে যায় তিন টি নৌকা।

যদিও জানা গিয়েছে, ওই সসময় নৌকাগুলোতে কোনো যাত্রী ছিল না। ফলে কোনো প্রাণসংশয় ঘটেনি। ফেরিঘাটে যারা ছিলেন, তাঁদের দাবি যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্তচ কোননো হতাহত বা নিঁখোজের খবর মেলেনি। যদিও আচমকা এই দুর্ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও বাকি নৌকা চালকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।

খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তাঁরা।ফেরিঘাটের পাড় ঘেঁষে নৌকাগুলো ভেঙে রয়েছে। সেগুলো জলের তলায় চলে গেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই নারায়ণপুর জেটিঘাট এলাকায় নৌযান চলাচল স্বাভাবিক ছিল। ঘাটে একাধিক যাত্রীবাহী নৌকা দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় ‘মা ব্রহ্মময়ী’ নামে একটি মাছধরা ট্রলার নদীপথ দিয়ে যাওয়ার সময় আচমকাই যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে। ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার পর চালক সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন।
নিয়ন্ত্রণ হারানো ট্রলারটি দ্রুত তীরের দিকে ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই সেটি জেটিঘাট সংলগ্ন তীরে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি যাত্রীবাহী নৌকায় সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে নৌকাগুলি মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে জলের মধ্যে ডুবতে শুরু করে।

বিকট শব্দে আশপাশের মানুষ চমকে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে হইচই পড়ে যায়। ঘটনার পর স্থানীয় মৎস্যজীবী, নৌকার মাঝি এবং এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারকাজ শুরু হয় তৎপরতার সঙ্গে। ডুবে যাওয়া নৌকাগুলিকে শনাক্ত করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার কাজও শুরু হয়। অনেকেই নদীতে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।