এবার বিপুল পরিমাণ হাতির জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন একজন বনকর্মী। একেবারে রেললাইনে দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে কাজটি করলেন বনকর্মী। তখন দুরন্ত গতিতে ছুটে আসছিল ট্রেন। কিন্তু এতগুলি হাতির প্রাণ অকালে ঝরে যাবে? নিজের মনেই উঠে যায় প্রশ্ন। তাই বুক পেতে ওই দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। হাতে লাল কাপড় নাড়তে থাকেন। যা সঠিক সময়েই নজরে আসে ট্রেন চালকের। তিনিও সাবধান হয়ে গিয়ে গতি কমাতে শুরু করেন। আর এভাবেই একসঙ্গে ৭০ জন হাতির প্রাণ বাঁচালেন ওই বনকর্মী। রবিবার এটাই নকশালবাড়িতে চর্চার বিষয়।
ওই বনকর্মী একটা অঘটন ঘটতে চলেছে দেখতে পান। তাই নির্লিপ্ত থাকতে পারেননি তিনি। দূর থেকে তখন ছুটে আসছে দুরন্ত গতিতে ট্রেন। আর ওই সময় লাইন পারাপার করার জন্য হাতির দলও ধীরে ধীরে এগিয়ে আসছে। বিপদটা ততক্ষণে টের পেয়ে গিয়েছেন বনকর্মী। তাই এক মুহুর্ত দেরি না করে ছুটে যান রেললাইনে। সেখানে উঠে গিয়ে সঙ্গে থাকা লাল কাপড় ওড়াতে থাকেন তিনি। চালক সেই লাল কাপড় কেউ একজন ওড়াচ্ছে দেখে গতি কমাতে শুরু করেন। বুঝতে পারেন সামনে কোনও বিপদ আছে। কিন্তু সেটা কেমন বিপদ অনুমান করতে পারেননি। তবে গতি কমাতে শুরু করেন। ততক্ষণে রেল লাইন ধরে হাতির দল পার হতে শুরু করেছে। শেষপর্যন্ত নির্দিষ্ট দূরত্বে ট্রেনকে থামিয়ে দেন চালক। আর তখন যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ওই বনকর্মীর। শিলিগুড়ির নকশালবাড়িতে এখন এই বনকর্মী হিরো।
নকশালবাড়ি এলাকায় ৭০টি বুনো হাতির দল হানা দেয়। পুরুষ, স্ত্রী ছাড়াও একাধিক বাচ্চা ছিল ওই হাতির দলে। জাতীয় সড়ক ধরে ওই হাতির দল পার হতে শুরু করে। তাই বনকর্মীরা রাস্তায় গাড়ি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছিল। রাস্তার একদিক থেকে অপরদিকে হাতির পাল যেতে থাকে। আর বনকর্মী আকাশ কেরকেট্টা তখন দেখতে পান হাতির পাল রেল লাইন পার করতে চলেছে। কিন্তু তখন যদি কোনও ট্রেন এসে যায়। এই ভাবনা থেকেই তিনিও ধীরে ধীরে এগিয়ে চলেন। আর তাঁর ভাবনা যে সঠিক সেটা দেখতে পান, দূর থেকে ছুটে আসছে মহানন্দা এক্সপ্রেস।
এই দৃশ্য দেখেই তাঁর আত্মারাম খাঁচা হয়ে যায়। নিজের জীবনের কথা ভুলে গিয়ে সঙ্গে থাকা লাল কাপড় হাতে তুলে চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকেন তিনি। ট্রেন তখন প্রবল গতিতে ছুটে আসছে। অবশেষে চালক ওই লাল কাপড়ের সংকেত দেখতে পান। তখন অবশ্য হাতির দল রেল লাইনে উঠে পড়েছে। গতি কমিয়ে চালক থামিয়ে দেন ট্রেন। বেঁচে যায় ৭০টি হাতি। আর এই কাজের জন্য বনকর্মী আকাশ কেরকেট্টার প্রশংসা করেছেন রেলের অফিসাররা।