মানস ভুঁইয়ার বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সবং থানায়

এবার প্রতারণার অভিযোগ পদত্যাগী তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে। প্রতারণার এই ঘটনায় নাম জড়িয়েছে সবংয়ে মানস ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতারও। প্রাক্তন মন্ত্রী মানস এবং তাঁর ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকারই এক বাসিন্দা। মানসের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে। তবে তিনি আশাবাদী, আইন আইনের পথেই চলবে। প্রকৃত সত্য একদিন সামনে আসবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূল থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। তৃণমূল ছাড়ার পর থেকেই কলকাতায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এরপরেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের।

সবং বিধানসভার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিকাশ কুমার টুং। তাঁর অভিযোগ, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ টাকা নেওয়া হয়। তৎকালীন মন্ত্রী মানস ভুঁইয়ার মধ্যস্থতায় টাকা দেওয়া হয়। একই সঙ্গে শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দে নামে আরও দুই তৃণমূল নেতা সেখানে উপস্থিত ছিলেন। থানায় দায়ের করা অভিযোগে বিকাশ জানিয়েছেন, গত ১ মার্চ তেমাথানির সেচ বাংলোয় কাজে যোগ দেন তাঁর স্ত্রী মঞ্জু। মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়ে।  নিয়মিত কাজ করলেও ৬ মে তাঁকে জানানো হয় যে, তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকী, চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। অভিযোগকারী বিকাশের দাবি, চাকরি হারিয়ে তাঁর স্ত্রী চরম মানসিক অবসাদে ভুগছেন। বিকাশের অভিযোগের প্রেক্ষিতে সবং থানার পুলিশ তদন্ত শুরু করেছে।