ল্যাম্পপোস্টের আলো মাথায় পড়ে মৃত্যু ৬ বছরের শিশুর

প্রতীকী চিত্র

কলকাতার হ্যাস্টিংসে মৃত্যু হয়েছে ৬ বছরের এক শিশুর। সোমবার সকালে ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম গুড়িয়া খাতুন। রাস্তায় খেলার সময় ল্যাম্পপোস্টের আলো ভেঙে তার মাথার উপর পড়ে। এর ফলে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর সোমবার সকাল ৭টার সময় ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির কাছে রাস্তায় খেলতে যায় ওই শিশুটি। খেলার সময় আচমকাই ল্যাম্পপোস্টের একটি ভারী আলো খুলে শিশুটির মাথায় এসে পড়ে। প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে ৬ বছরের গুড়িয়া। পরিবারের সদস্যরা তড়িঘ়ড়ি এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

শোকগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই একাই খেলছিল গুড়িয়া। তাঁদের অভিয়োগ ল্যাম্পপোস্টগুলির রক্ষণাবেক্ষণের গাফিলতির জন্যই এই ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্যদের দাবি ল্যাম্পপোস্টের আলোটি মাত্র একটি নাট দিয়ে আটকানো ছিল। স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলেছেন, ল্যাম্পপোস্টগুলি নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হত না।


ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য হ্যাস্টিংস এলাকার কাছেই রয়েছে বেশ কিছু ঝুপড়ি ও অস্থায়ী বাসস্থান। স্থানীয়দের অনেকেই ফুটপাথের ধারে সময় কাটান এবং শিশুদেরও রাস্তায় খেলতে দেখা যায়। ফলে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই থেকে যায়।