বৃহস্পতিবারের ‘মুখোমুখি’ কর্মসূচিতে মোট ৩৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অধিকাংশই ছিল অবৈধ নির্মাণ, ফুটপাত দখল এবং অবৈধ পার্কিং সংক্রান্ত। সাধারণ মানুষের অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী জানান, এদিন প্রাপ্ত অভিযোগের সিংহভাগই অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিয়ে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। সেই কারণে আপাতত হকারদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, অবৈধ পার্কিং বা ফুটপাত দখলের বিরুদ্ধে সরকার কোনওভাবেই আপস করবে না।
অগ্নিমিত্রা পাল বলেন, কেউ যদি মনে করেন ফুটপাত দখল করে গাড়ি রাখা যাবে, তাহলে সেই ধারণা ভুল। সময় থাকতে সবাইকে নিজেদের আচরণ বদলানোর আহ্বান জানান তিনি।
এদিন সাংবাদিকদের উপর হামলার ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী। তিনি বলেন, যারা সাংবাদিকদের মারধর করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। গুন্ডা দমন আইন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আনা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের মদতে দেশবিরোধী স্লোগান ও বক্তব্য সামনে এসেছে। তিনি বলেন, সরকার ছাত্র-ছাত্রীদের পাশে থাকলেও রাজনৈতিক মদতপুষ্ট দেশবিরোধী আন্দোলনকে কোনওভাবেই সমর্থন করে না। একইসঙ্গে সাংবাদিকদের উপর হামলারও তীব্র নিন্দা করেন তিনি।
বাম দলগুলিকেও নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, যদি তারা সাংবাদিক নিগ্রহকে সমর্থন না করে থাকে, তাহলে তাদের মিছিলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারা তাদের সাংগঠনিক ব্যর্থতার প্রমাণ। তাঁর দাবি, এভাবে চললে বামপন্থীরা আরও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে।