রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানোর আশ্বাস দিয়েছিলেন। সেইমতো সোমবার রাজ্যের গোয়েন্দা বিভাগে কর্মরত তিন আইপিএস আধিকারিককে সরিয়ে নিয়ে আসা হল দুর্নীতি দমন শাখায়। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া, কামনাশিস সেনকে দুর্নীতি দমন শাখায় আনা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই অফিসারদের দুর্নীতি দমন শাখার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন শাখা রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত সরকারি কর্মচারী ও আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে। তৃণমূল সরকারের আমলে একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। দুর্নীতি করলে ছাড় পাবেন না কেউ। এরপরেই দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।
মুরলীধর শর্মা এর আগে রাজ্য পুলিশের আইজি ছিলেন। আকাশ মাঘারিয়া আইবির ডিআইজি ছিলেন। নির্বাচনের পর থেকে তিনি রাজ্য পুলিশের আইবিতে ছিলেন। এখন তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায়। অন্যদিকে, কামনাশিস সেন আইবিতে সুপার ছিলেন। নির্বাচনের আগে দীর্ঘদিন হুগলি গ্রামীণের সুপার ছিলেন তিনি। এবার তিনজনকেই বদলি করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-তে পাঠানো হয়েছে। এই মূহূর্তে দুর্নীতি দমন শাখায় স্বপন সরকার আইজি রয়েছেন। এই বিভাগকে আরও সক্রিয় করতেই এই বদলি বলে মনে করা হচ্ছে। এর ফলে দুর্নীতি দমন বিভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকে।