তুরস্কের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে ২ বাংলাদেশিকে অপহরণ, গ্রেপ্তার ২

প্রতীকী চিত্র

পাসপোর্ট–ভিসা করে দেওয়ার নাম করে দুই বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তাঁদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা আদায় করা হয়। পরে আরও অর্থ দাবি করা হয়। ঘটনার তদন্তে নেমে টেকনোসিটি থানার পুলিশ একটি হোটেল থেকে দু’জন অপহৃতকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।

ধৃতদের মধ্যে এক জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে খবর। কিন্তু কেন অপহরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত দু’জনকে জেরা শুরু করেছে পুলিশ। অপহৃত দুজনের সঙ্গে ধৃত ওই বাংলাদেশি নাগরিকের যোগসাজস খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে রাজীব লস্কর ও জুনায়েদ মিয়াঁ বৈধ ভিসা নিয়ে কলকাতায় আসেন। তাঁদের তুরস্ক যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সংক্রান্ত ভিসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন দালাল অচিন্ত্যকুমার পাল। তদন্তকারীদের দাবি, ধৃত বাংলাদেশি নাগরিক হুমায়ুন কবীরই রাজীব ও জুনায়েদের সঙ্গে অচিন্ত্যর যোগাযোগ করিয়ে দেন।


অভিযোগ, পাসপোর্ট ও ভিসা করিয়ে দেওয়ার নাম করে তাঁদের ডেকে এনে একটি হোটেলে আটকে রাখা হয়। এরপর মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দাবি করা হয়। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠান বলেও জানা গিয়েছে। কিন্তু টাকা পাওয়ার পরেও আরও অর্থ চাওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে তথ্য পেয়ে টেকনোসিটি থানার আধিকারিকরা হোটেলে হানা দেন এবং দু’জনকে উদ্ধার করেন। অবৈধভাবে আটক ও জোর করে টাকা আদায়ের অভিযোগে হুমায়ুন কবীর ও অচিন্ত্য পালকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সঙ্গে অপহৃতদের কোনও আর্থিক লেনদেন বা পূর্ব পরিচয় আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার তাঁদের বারাসাত আদালতে তোলা হবে।