রান্নার গ্যাসের ঘাটতির জেরে বিপাকে পড়েছে আইআইটি খড়্গপুর। প্রায় ১৫ হাজার আবাসিক পড়ুয়ার দৈনন্দিন খাবারের ব্যবস্থা করতে গিয়ে এখন বিকল্প হিসেবে কাঠের উনুন ব্যবহার করতে হচ্ছে কর্তৃপক্ষকে। পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে।
আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে মোট ২০টি আবাসিক হল রয়েছে, যেখানে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী থাকেন। তাঁদের জন্য প্রতিদিন ক্যান্টিনে তিনবেলার খাবার তৈরি করা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, এত বিপুল সংখ্যক পড়ুয়ার খাবার রান্না করতে প্রতিদিন গড়ে প্রায় ১০৪টি গ্যাস সিলিন্ডার লাগে। কিন্তু সাম্প্রতিক গ্যাস সরবরাহের সমস্যার কারণে সেই ব্যবস্থা ব্যাহত হয়েছে।
বর্তমানে বাধ্য হয়ে কাঠের জ্বালানিতে রান্না শুরু করা হয়েছে। তবে এইভাবে কতদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন কর্তৃপক্ষ। তাই সমস্যার দ্রুত সমাধানের জন্য পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণার কাছে চিঠি পাঠানো হয়েছে।
আইআইটি ক্যাম্পাসের ‘আজাদ হল’-এর ম্যানেজার অভিজিৎ রায় জানান, গত দু’দিন ধরে রান্নার গ্যাসের জোগানে সমস্যা দেখা দিয়েছে। ফলে ওই হলে থাকা প্রায় ৮০০ ছাত্রের জন্য দু’বেলার খাবার কাঠের উনুনে তৈরি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভাজাভুজি ধরনের পদ রান্না করা সম্ভব হচ্ছে না। যদিও পড়ুয়াদের দুপুর ও রাতের খাবারের পাশাপাশি টিফিন দেওয়ার ব্যবস্থা বজায় রাখার চেষ্টা চলছে, তবুও প্রায়ই মেনু পরিবর্তন করতে হচ্ছে।