সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইবুনালে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তির ভিত্তিতে মোট ১৪৬৮ জন নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। একই সঙ্গে ছয় জনের নাম বাদও দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এই তালিকা অনুযায়ী, কলকাতা দক্ষিণে সবচেয়ে বেশি, ৬৭৭ জনের নাম যুক্ত হয়েছে। কলকাতা উত্তরে যুক্ত হয়েছে ৫৯৬ জনের নাম। এছাড়া হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে আট জন এবং হুগলিতে সাত জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরা এই দফাতেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও নিয়ম অনুযায়ী ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে যায়, তবুও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে আবেদনগুলির নিষ্পত্তি করবে এবং যাঁদের যোগ্য বলে ঘোষণা করবে, তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। সেই নির্দেশ অনুসারেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে প্রথম দফার ভোটের আগেও একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জনের নাম যুক্ত এবং আট জনের নাম বাদ দেওয়া হয়। উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। আদালতের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই তালিকা খতিয়ে দেখেন। যাঁরা অযোগ্য বলে বিবেচিত হন, তাঁদের ট্রাইবুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।