একগুচ্ছ উদ্বাস্তু কলোনিকে সরকারি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি জমিতে থাকা বিভিন্ন জেলার আরও ১২টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়ার ছাড়পত্র মিলেছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে ওই সব কলোনির বাসিন্দাদের হাতে বসবাসের শংসাপত্র তুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখেছিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাইয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে সিলমোহর দেয়। এরপর প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে স্বীকৃতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবান্নের একটি সূত্র জানিয়েছে, স্বীকৃতিপ্রাপ্ত কলোনির তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের বীরনগর কলোনি। উত্তর ২৪ পরগনায় রয়েছে দ্বিজহরি স্কোয়ার, চাষিপাড়া, নিউ ফরোয়ার্ড কলোনি (পার্ট ২বি) ও মানসা কলোনি। পাশাপাশি কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডের উদ্বাস্তু কলোনি এবং দক্ষিণ ২৪ পরগনার কামরা কলোনি, আনন্দময়ী পার্ক, রামকৃষ্ণ পল্লি উদ্বাস্তু ফেজ–২ ও সুকান্ত সরণি কলোনিও অন্তর্ভুক্ত হয়েছে।
ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই এই কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে সিদ্ধান্তে দেরি হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের ফলে সেই জট কেটে গেল। দপ্তরের মতে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক ও প্রশাসনিক দায়িত্ববোধ থেকে নেওয়া হয়েছে।