রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই খুনের হুমকি পেলেন শুভেন্দু অধিকারী। আল কায়দার নাম ব্যবহার করে ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়, যেখানে মুখ্যমন্ত্রীকে আত্মঘাতী হামলার মাধ্যমে খুনের পরিকল্পনার কথা উল্লেখ ছিল। ঘটনার তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ করে এসটিএফ। শেষ পর্যন্ত গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। তদন্তে জানা যায়, এক মহিলার নামে পাঠানো হয়েছিল সেই মেল। সেখানে দাবি করা হয়, ওই মহিলা আল কায়দার সঙ্গে যুক্ত এবং তাঁর মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে সুইসাইড বম্ব হামলার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ ও গোয়েন্দারা। শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর গার্ডেনরিচ থেকে ধৃত যুবককে আটক করা হয়।
জেরায় হাসনেন আলি হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসটিএফ। তবে তদন্তে উঠে এসেছে, এর পিছনে জঙ্গি সংগঠনের কোনও প্রত্যক্ষ যোগসূত্রের প্রমাণ এখনও মেলেনি। ধৃতের দাবি, ব্যক্তিগত শত্রুতার কারণেই সে এই কাণ্ড ঘটিয়েছে। এক মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি বার্তা পাঠানো হয়েছিল।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযুক্ত একাই এই কাজ করেছে নাকি এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে। একই সঙ্গে ইমেল পাঠানোর প্রযুক্তিগত দিক ও সম্ভাব্য যোগাযোগের সূত্রগুলিও খতিয়ে দেখা হচ্ছে।