• facebook
  • twitter
Sunday, 15 February, 2026

মার্চেই মোদীর উপস্থিতিতে ব্রিগেডে বড় সমাবেশের পরিকল্পনা বিজেপির

বিধানসভা ভোটের আগে শক্তি প্রদর্শনের প্রস্তুতি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দানে শক্তি প্রদর্শনের লক্ষ্যে মার্চ মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশ করার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও এখনও সমাবেশের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে দলের অন্দরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে রথযাত্রার আয়োজন করা হবে। এই রথগুলি বিভিন্ন জেলা ঘুরে শেষ পর্যন্ত ব্রিগেডেই এসে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী, দোলযাত্রা শেষ হওয়ার পরপরই রাজ্যে রথযাত্রা কর্মসূচি শুরু করবে বিজেপি। এর মাধ্যমে জেলা থেকে গ্রাম পর্যন্ত কর্মীদের সক্রিয় করে তোলার লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির।

Advertisement

এছাড়াও, পরীক্ষার মরশুম শেষ হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা বাংলায় সভা করবেন। কলকাতা জোনে সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে ব্রিগেড সমাবেশকেই বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর একটি বড় জনসভার পরিকল্পনা রয়েছে।

Advertisement

অন্যদিকে, প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য বিজেপি। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য জেলা নেতৃত্বের কাছ থেকে তিনটি করে নাম চাওয়া হয়েছে। মোট ২৯৪টি আসনের জন্য এই তালিকা তৈরি করে তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব সমীক্ষা ও বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা শুরু হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

শনিবার সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব, রাজ্য নেতৃত্বের শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। বৈঠকে রথযাত্রা, ব্রিগেড সমাবেশ এবং প্রার্থী তালিকা তৈরির কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement