• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

মালদহে ধৃত উত্তরপ্রদেশের দুই বিজেপি কর্মী

ভিন্‌রাজ্যের লোক এনে অশান্তির অভিযোগ

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভিন্‌রাজ্য থেকে লোক ঢোকানোর অভিযোগে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মালদহ জেলার মানিকচকে উত্তরপ্রদেশের দুই বিজেপি কর্মী আটক হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসকদলের অভিযোগ, নির্বাচনের আগে বাংলার পরিবেশ অশান্ত করতেই উত্তরপ্রদেশ থেকে লোক আনা হচ্ছে।

ঘটনাটি মালদহের মানিকচক থানার শেখপুরা এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এলাকায় দুই অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা উত্তরপ্রদেশের বাসিন্দা এবং দলের কর্মসূচির অংশ হিসেবে পোস্টার লাগাতে এসেছে। রাতের অন্ধকারে বহিরাগতদের এই তৎপরতায় সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় পুলিশে। পরে মানিকচক থানার পুলিশ এসে দু’জনকে আটক করে নিয়ে যায়।

Advertisement

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতেই এই পরিকল্পনা। দলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, মানিকচকে কি বিজেপির কর্মী নেই যে উত্তরপ্রদেশ থেকে লোক আনতে হবে? দাঙ্গা বাধানোর উদ্দেশ্যেই এই চক্রান্ত। তদন্ত হলেই সব পরিষ্কার হবে। তাঁর দাবি, স্থানীয় বাসিন্দারাই দুই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Advertisement

অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি অভিযোগ অস্বীকার করেছে। দলের এক জেলা নেতা বলেন, দেশের যে কোনও প্রান্তে দলের কর্মীরা সংগঠনের কাজ করতে যেতে পারেন। এতে অসাংবিধানিক কিছু নেই। তাঁর অভিযোগ, তৃণমূলের কর্মীরাই দুই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং পোস্টার ও ফেস্টুন ছিনিয়ে নিয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে বলে দাবি বিজেপির।

ঘটনাকে কেন্দ্র করে শনিবার থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের কাজ করতে দিচ্ছে না। মারধর করছে, পোস্টার লুঠ করছে। তৃণমূলের পাল্টা দাবি, ভিন্‌রাজ্য থেকে লোক এনে অশান্তির চেষ্টা ফাঁস হয়ে যাওয়াতেই বিজেপি এখন উলটো সুরে কথা বলছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য থেকেই ওই দুই যুবক এসেছেন বলে জানা গিয়েছে। পরে তারা জামিনে ছাড়া পেয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। পুরো ঘটনা ঘিরে মালদহের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের আগে ভিন্‌রাজ্যের কর্মীদের উপস্থিতি ঘিরে প্রশাসনও সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement