• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

মুখ্যসচিবকে চিঠি কমিশনের

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে অভিযুক্ত দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), দুই অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় এখনও এফআইআর দায়ের করা হয়নি

মুখ্যসচিবকে চিঠি কমিশনের

Rajya Sabha Seats Election Photo-SNS

জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক নির্দেশ অমান্যের অভিযোগ তুলে মুখ্যসচিবকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন।
চিঠিতে কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে অভিযুক্ত দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), দুই অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় এখনও এফআইআর দায়ের করা হয়নি।
এছাড়া কমিশনের অনুমতি ছাড়াই শুনানি আধিকারিক নিয়োগের ঘটনায় এক অ্যাসিস্ট্যান্ট ইআরও-র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করা হয়নি বলেও অভিযোগ। কমিশনের নির্দেশ সত্ত্বেও তিন জন রোল পর্যবেক্ষকের বদলির আদেশনামা বাতিল না করা এবং বিধি মেনে এসডিও পদমর্যাদার আধিকারিককে ইআরও হিসেবে নিয়োগ না করার বিষয়েও প্রশ্ন তুলেছে দিল্লির নির্বাচন সদন।
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, উল্লিখিত সব বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল তিনটের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে মুখ্যসচিবকে। ঘটনাচক্রে, ওই দিনই বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। রাজনৈতিক মহলের মতে, আদালত ও কমিশনের এই টানাপড়েনের আবহে রাজ্য-রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলছে।