আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের এই টুর্নামেন্টেও নিঃসন্দেহে ফেভারিট ভারত। কিন্তু, বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় দলকে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়েই শেষবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেই দ্রাবিড়ই মঙ্গলবার সূর্যকুমারদের সতর্ক করে জানালেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটা খারাপ দিনই বিপদ ডেকে আনতে পেরে। তিনি এদিন আরও বলেন, ভারত এই টুর্নামেন্টে নিঃসন্দেহে ফেভারিট। কিন্তু ২০২৩ সালে ফাইনালে হারের ঘটনা মনে করিয়ে কোহলিদের প্রাক্তন কোচ বলেন, সেবার পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত খেলেও ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল তাঁদের। পরেরবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও সেই যন্ত্রনা আজও যে দ্রাবিড়কে কষ্ট দেয়, সেকথাও জানাতে ভোলেননি তিনি।
এদিন বইপ্রকাশ অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারতীয় কোচের স্পষ্ট মন্তব্য, ভারত ফের একবার ফেভারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামবে। সম্প্রতি, অভিষেক শর্মা, ঈশান কিশান’রা যে ফর্মে রয়েছে তাতে ভারতের জন্য গ্রপ পর্বের বাধা টপকানো খুব একটা কঠিন হবে না বলেই মত দ্রাবিড়ের। ফলে, ভারতীয় দল সহজেই সেমিফাইনালে পৌঁছে যাবে আশাপ্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দ্রাবিড় বলেন, নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে। প্রতিপক্ষের যে কেউ ভাল খেলে বিপক্ষের স্বপ্নকে ভেঙে দিতে পারে। তাই, প্রতিটা পদক্ষেপে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
Advertisement
পাশাপাশি, দ্রাবিড়ের মুখে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মারও বিশেষ প্রশংসা শোনা গেছে। রোহিত-দ্রাবিড় জুটি ভারতকে সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা দলে পরিণত করেছিল। বিষয়টি নিয়ে এদিন তিনি বলেন, রোহিতের সবচেয়ে বড় গুণ হল তিনি শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতেন। অন্যদের কাঁধে দায়িত্ব দেওয়ার পরিবর্তে অধিনায়ক নিজেই খেলার গতি নির্ধারণের দায়িত্ব নিতেন। দ্রাবিড়ের মতে, যখন একটা দলের অধিনায়ক সামনে দাঁড়িয়ে বলে নিজের গড় বা ব্যক্তিগত পরিসংখ্যানের ক্ষতি হলেও তিনিই এই কাজটি করবেন, তখন দলের বাকিদের জন্য সেই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়।
Advertisement
Advertisement



