কে অ্যালিস হুয়াং? চিনা গুপ্তচর হিসেবে সন্দেহ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের জল্পনা এবং এনভিডিয়াকে ঘিরে তদন্ত শুরু

Image Source: X

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রযুক্তি ও আন্তর্জাতিক মহলে। একদিকে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে সংস্থার এক প্রাক্তন শীর্ষকর্তা অ্যালিস হুয়াংয়ের (Alice Huang) বিরুদ্ধে, অন্যদিকে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। পরিস্থিতিরর জেরে এনভিডিয়ার পরিচালন পর্ষদ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও মেলেনি।

কে এই অ্যালিস হুয়াং?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং (Alice Huang) চিনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের প্রাক্তন শীর্ষ আধিকারিক। চিনা সংবাদমাধ্যমে তিনি হুয়াং লে নামেও পরিচিত। সংস্থাটিতে তিনি ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও তাঁকে মেগাস্পিডের এক জন শীর্ষকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর পদবির মিল থাকলেও দু’জনের মধ্যে কোনও পারিবারিক সম্পর্ক নেই বলে জানা গিয়েছে।


মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাহক। সংস্থাটি বিভিন্ন ডেটা সেন্টার পরিচালনা করে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালানোর জন্য উন্নতমানে এনভিডিয়া চিপ ব্যবহার করা হয়। সেই সূত্রেই অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক যোগাযোগ তৈরি হয়েছিল।

চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ কেন?

গত ২৯ অক্টোবর এই বিতর্ক সামনে আসে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির একাংশের সন্দেহ, অ্যালিস হুয়াং (Alice Huang) চিনের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। অন্তত এক বছর ধরে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছিল বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরবর্তী একটি প্রতিবেদনে আরও গুরুতর অভিযোগ সামনে আসে। সেখানে দাবি করা হয়, চিনের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (MSS) তাঁকে নিয়োগ করেছিল। মার্কিন আধিকারিকদের সন্দেহ, জেনসেন হুয়াং সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য।

তবে এই সমস্ত অভিযোগই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন আধিকারিকদের সূত্রে প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত আদালতে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। ওয়াশিংটনে অবস্থিত চিনা দূতাবাসও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ধরনের প্রতিবেদন চিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

এনভিডিয়া চিপ পাচার নিয়েও তদন্ত

অ্যালিস হুয়াংয়ের (Alice Huang) সংস্থা মেগাস্পিডকে ঘিরেও আগে থেকেই সন্দেহ তৈরি হয়েছিল।  মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন এড়িয়ে এনভিডিয়ার উন্নতমানের এআই চিপ চিনে পাঠানোর সঙ্গে সংস্থাটির যোগ থাকতে পারে বলে অভিযোগ।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চিনে অত্যাধুনিক এআই চিপ বিক্রির উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার একটি ডেটা সেন্টারে এনভিডিয়ার সরঞ্জাম বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখার পর তদন্তকারীদের সন্দেহ আরও বেড়ে যায়। ওই চিপগুলির প্রকৃত গন্তব্য কোথায়, তা নিয়ে প্রশ্ন ওঠে।

যদিও এনভিডিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার দাবি, অভ্যন্তরীণ তদন্তে চিপ পাচারের অভিযোগের পক্ষে কোনও অনিয়মের প্রমাণ মেলেনি। মেগাস্পিডও জানিয়েছে, তারা নিজেরাও বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক

এই পরিস্থিতির মধ্যেই জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্ক সামনে আসে। অ্যাক্সিওসের (Axios) প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানোর জন্য তৈরি একটি খসড়া ইমেলে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন হুয়াং (Alice Huang)।

ওই বার্তায় তিনি জানিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাঁর কাজের কারণে স্ত্রী ও সন্তানদের কষ্ট হয়েছে। নিজের আচরণের সম্পূর্ণ দায়ও স্বীকার করেন তিনি। একই সঙ্গে পরিচালন পর্ষদ, বিনিয়োগকারী এবং কর্মীদের আস্থার জায়গায় আঘাত করেছেন বলেও উল্লেখ করেন।

হারানো বিশ্বাস পুনরুদ্ধারের জন্য কাজ করবেন বলেও জানান এনভিডিয়া প্রধান। তবে ওই ইমেলে সম্পর্কের সঙ্গে জড়িত মহিলার নাম উল্লেখ করা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে অ্যালিস হুয়াংয়ের নাম উঠে এলেও তাঁদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।

তদন্তে এনভিডিয়ার পরিচালন পর্ষদ

বিতর্ক বাড়তেই রবিবার তদন্তের ঘোষণা করে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই তদন্ত পরিচালনা করবে। প্রয়োজনে বাইরের আইনজীবীদেরও সাহায্য নেওয়া হবে।

তবে পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য বা গোপন ব্যবসায়িক তথ্যের কোনও ক্ষতি হয়েছে বলে মনে করার কারণ নেই। জেনসেন হুয়াংয়ের উপর আস্থাও বজায় রেখেছে পর্ষদ। তদন্ত চলাকালীন তিনি সিইও পদে দায়িত্ব পালন করবেন।

উল্লেখযোগ্য বিষয়, পর্ষদের বিবৃতিতে অ্যালিস হুয়াং, মেগাস্পিড, চিন কিংবা চিনের গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করা হয়নি। জেনসেন হুয়াং কোনও গোপন তথ্য পাচার করেছেন, এমন দাবিও করা হয়নি।

এনভিডিয়ার মুখপাত্রের বক্তব্য, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ অস্বাভাবিক কিছু ছিল না। সংস্থার দাবি, মেগাস্পিডের মতো গ্রাহকদের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক তথ্য আদানপ্রদান করা হয়। জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য তাঁদের দেওয়া হয় না।

সংস্থার মুখপাত্র জন রিজো জানিয়েছেন, এই বিতর্ক এনভিডিয়ার ব্যবসায়িক অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে না। মার্কিন সরকারের তরফে অ্যালিস হুয়াং সম্পর্কে এনভিডিয়াকে আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক বছর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অ্যালিস হুয়াং সংক্রান্ত গোয়েন্দা তথ্য জানানো হয়েছিল। তবে সে সময় কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেন জেনসেন হুয়াং। গত মে মাসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সফরসঙ্গী ব্যবসায়ীদের দলেও ছিলেন তিনি।

চিনের গ্রাহকদের কাছে এনভিডিয়ার H200 চিপ বিক্রির অনুমতি দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে লবিও করেছিলেন হুয়াং। গত ২৪ সেপ্টেম্বর শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নৈশভোজেও উপস্থিত ছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের দাবি, সেখানে তাঁকে সামনের সারির টেবিলে বসানো হয়েছিল। ট্রাম্পের বলরুম প্রকল্পে এনভিডিয়া অন্তত ২ কোটি ডলার অনুদান দিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখনও পর্যন্ত ট্রাম্প প্রকাশ্যে হুয়াংয়ের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁকে নিজের ঘনিষ্ঠ মহলে রাখবেন কি না, এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৮ অক্টোবর হুয়াংকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স সম্মাননাও প্রদান করেছিলেন তিনি।

আরও পড়ুন: মিশরে দু’টি ট্রেনের সংঘর্ষে মৃত অন্তত ৭, আহত ১১২

কংগ্রেসের প্রশ্নের মুখে এনভিডিয়া প্রধান

ডেমোক্র্যাট সেনেটর এলিজাবেথ ওয়ারেন জানিয়েছেন, জেনসেন হুয়াং এবং এনভিডিয়ার পরিচালন পর্ষদকে কংগ্রেসের কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে চিনে আমেরিকার উন্নত প্রযুক্তি পাচার আটকাতে দ্বিদলীয় আইন প্রণয়নের পক্ষেও সওয়াল করেছেন তিনি।

অন্যদিকে, মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্যরা আগামী ১৮ নভেম্বর হুয়াংকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি কী ভাবে আইনপ্রণেতাদের সামনে হাজির হবেন, তা এখনও স্পষ্ট নয়।

বাজারে কতটা প্রভাব পড়তে পারে?

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার বাজারমূল্য ৪ লক্ষ কোটি ডলারেরও বেশি। সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান মুখ জেনসেন হুয়াং। ফলে তাঁকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে।

গত সপ্তাহে এক দিনে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪৫০ বিলিয়ন ডলার কমে গিয়েছিল। যদিও ওই পতনের পিছনে শুধু এই বিতর্কই দায়ী ছিল না। মার্কিন মধ্যবর্তী নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সামগ্রিক ভাবে এআই-নির্ভর প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারেও চাপ তৈরি হয়েছিল। শুক্রবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ার প্রায় ৪ শতাংশ ক্ষতি পুনরুদ্ধার করে।

এমনিতেই চিনের বাজারে এনভিডিয়ার ব্যবসা বেশ কিছুদিন ধরে চাপের মুখে। গত মার্চে চিনের বাজারের জন্য নির্দিষ্ট চিপের উৎপাদন বন্ধ করেছিল সংস্থাটি। পরে ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার নির্দিষ্ট কিছু চিপ চিনে বিক্রির উপর ১৫ শতাংশ ছাড় বা রাজস্ব ভাগের ব্যবস্থা ঘোষণা করে।

তদন্তে যদি সত্যিই কোনও নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁসের প্রমাণ মেলে, তা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেক্ষেত্রে চিনে উন্নত প্রযুক্তি রপ্তানি উপর নতুন বিধিনিষেধ, কংগ্রেসে আরও শুনানি এবং এনভিডিয়ার ব্যবসায়িক কার্যকলাপের উপর বাড়তি নজরদারির সম্ভাবনা তৈরি হবে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=89NhuXfrpGw2bKjq” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>