হোয়াইট হাউসে একাধিক মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই জন্য সোমবার নতুন ব্রডকাস্ট টিভি চালু করা হল। আমেরিকায় লঞ্চ হল ট্রাম্প টেলিভিশন। সোমবার স্থানীয় সময়ে ট্রাম্প টেলিভিশন নামে ২৪ ঘণ্টার স্ট্রিমিং পরিষেবা চালু করা হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ২৪ ঘণ্টার এই নিউজ চ্যানেলে ট্রাম্পের সমস্ত কাজকর্ম দেখা যাবে।
ওই প্ল্যাটফর্মটিতে ডোনাল্ড ট্রাম্পের পুরনো ভাষণ ও জনসমক্ষে উপস্থিতির ভিডিও-র পাশাপাশি প্রশাসনের ঘোষণা, বিভিন্ন আপডেট ও সাম্প্রতিক কর্মকাণ্ড সম্প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্ল্যাটফর্মটি চালুর কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে জানানো হয়, ট্রাম্প টিভি এখন সরাসরি সম্প্রচার করছে। উদ্বোধনের সময়ে ২০২৫ সালে ট্রাম্পের ৪৭ তম মার্কিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দৃশ্য-সহ তাঁর বিভিন্ন পুরোনো বক্তৃতা ও প্রকাশ্য অনুষ্ঠানের ফুটেজ সম্প্রচার করা হয়।
এদিকে, নতুন প্ল্যাটফর্ম চালুর সময়ই হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে প্রেস অ্যাক্সেস নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। সোমবার সিএনএন (CNN), পলিটিকো (Politico) ও এমএস নাও (MS NOW)-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে ফেডারেল আদালতে মামলা করা হয়।
নিউইয়র্কের গ্রেসি ম্যানশনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যমগুলির ন্যায্যভাবে সংবাদ পরিবেশনের দায়িত্ব রয়েছে।’ তাঁর দাবি, যেসব সংবাদমাধ্যম ভুয়ো খবর প্রকাশ করে, তাদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়ার অধিকার প্রশাসনের রয়েছে। এদিকে, হোয়াইট হাউসের বক্তব্য, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সংবাদমাধ্যমের প্রকাশের অধিকার সুরক্ষিত করলেও নির্দিষ্ট কোনও সংবাদসংস্থার হোয়াইট হাউস প্রাঙ্গণ, ব্রিফিং রুম বা প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা দেয় না।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচন, রাশিয়ায় ফের পুতিনপন্থীদের দাপট
অন্যদিকে, সিএনএন (CNN), পলিটিকো (Politico) ও এমএস নাও (MS NOW)-এর অভিযোগ, সাংবাদিকদের প্রতিবেদন বা সংবাদ প্রকাশের ধরন বিবেচনা করে সরকার প্রবেশাধিকার নির্ধারণ করতে পারে না। এই বিরোধের প্রভাব হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলের উপরেও পড়েছে। এর মাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যম প্রেসিডেন্টের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ভাগ করে নেয়।