থাইল্যান্ডে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ বন্ধ, এবার বাধ্যতামূলক ভিসা অন অ্যারাইভাল

Photo Source- IANS

থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার নতুন নিয়মমাফিক সফরের প্রস্তুতি নিতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য গত এক বছর ধরে চালু থাকা ভিসামুক্ত প্রবেশের সুবিধে তুলে দিয়েছে থাইল্যান্ড সরকার। ফলে এখন থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ‘ভিসা অন অ্যারাইভাল’ নিতে হবে। এই পরিবর্তনের পর ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাসও নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করে প্রয়োজনীয় নথি ও নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।

 

নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিকদের এখন থাইল্যান্ডে প্রবেশের জন্য ভিসা অন অ্যারাইভাল নিতে হবে।এছাড়াও যাত্রার আগে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ করে ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় কিউআর কোড সংগ্রহ করা বাধ্যতামূলক হয়েছে।


 

দূতাবাসের তরফে জানানো হয়েছে, থাইল্যান্ডে পৌঁছনোর সময় ভ্রমণকারীদের কাছে কমপক্ষে ৬ মাসের বৈধ পাসপোর্ট, ফেরার বা পরবর্তী যাত্রার নিশ্চিত টিকিট, হোটেল বুকিং, ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা এবং টিডিএসির কিউআর কোড থাকতে হবে। এছাড়া ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ছাড়ের সুবিধায় প্রবেশকারীদের প্রত্যেকের কাছে অন্তত ২০ হাজার থাই বাত, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ হাজার টাকা নগদ বা সমপরিমাণ অর্থের প্রমাণ রাখতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে তা দেখাতে হতে পারে।

 

দলবদ্ধভাবে ভ্রমণের ক্ষেত্রেও প্রত্যেক যাত্রীর কাছে নিজের প্রয়োজনীয় নথি আলাদাভাবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবার যাঁরা কাজের উদ্দেশ্যে থাইল্যান্ডে যাচ্ছেন, তাঁরা ভিসা অন অ্যারাইভাল ব্যবহার করতে পারবেন না। তাঁদের আগে থেকেই উপযুক্ত ওয়ার্ক ভিসা সংগ্রহ করতে হবে। একইভাবে ট্রানজিট যাত্রীদেরও চূড়ান্ত গন্তব্যের ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথি সঙ্গে রাখতে বলা হয়েছে।

 

পর্যটন শিল্পকে উৎসাহ দিতে ২০২৪-এ ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছিল থাইল্যান্ড। তবে অভিবাসন ব্যবস্থা ও সীমান্ত নিরাপত্তা আরও কড়া করতে সম্প্রীতি নীতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে ভিসা অন অ্যারাইভালের তালিকায় ভারত ছাড়াও রয়েছে আজারবাইজান, বেলারুশ ও সার্বিয়া।